মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু

আপডেট: November 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ ঘরের বিছানা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।মৃতরা হলেন-উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার (৩৫) এবং তার দুই মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সৌদি আরবে যান মঞ্জিল মিয়া। বাড়িতে স্ত্রী তাছলিমা তাদের দুই মেয়ে মোহনা ও বন্যাকে নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে মোহনার সঙ্গে স্কুলে যেতে তার এক বান্ধবী আসে। এসময় মোহনাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিতেই খুলে যায়। এসময় সে ঘরের ভেতরে গিয়ে মা ও দুই মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এরপর বাড়ির অন্য লোকজন ঘরে গিয়ে তাদের মরদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ঘরের দুটি বিছানা থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করে।

এদিকে ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ সেখানে যান এবং মরদেহগুলো দেখেন।

এ বিষয়ে তিনি বলেন, মরদেহগুলো দেখে স্বাভাবিক মনে হয়নি। সিআইডি ও পিবিআই ফরেনসিক বিষয় দেখছেন। হত্যাকাণ্ড ধরেই পুলিশ কাজ করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network