বরিশালে স্বতন্ত্র প্রার্থী হতে বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট: November 29, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সামসুল আলম চুন্নু।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে বুধবার দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনুসারীরা। বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দিবেন বলে জানিয়েছেন সামসুল আলম চুন্নু।

তিনবারের নির্বাচিত এই উপজেলা চেয়ারম্যান বলেন, মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগের পত্রটি দেওয়া হয়েছে। যার অনুলিপি বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুন্নু এবার সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি।

দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত প্রবীণ এ নেতা জানান, তিনি এক যুগেরও বেশি সময় ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দুইবার বিপুল ভোটে এবং একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হয়েছেন।

জনপ্রিয়তা না থাকলে এটা সম্ভব হতো না উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের কারণেই সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

তিনি বলেন, “জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু কোনো না কোনো কারণে তা পাইনি। অন্য একজনকে দেওয়া হয়েছে।“তবে জননেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে। আর এক্ষেত্রে দলের মধ্যে যাদের জনপ্রিয়তা রয়েছে তারাও ইচ্ছে করলে নির্বাচনে দাঁড়াতে পারবেন। এ কারণে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসন থেকে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।”

এতে নৌকার প্রার্থীর অবস্থান ও দলের অভ্যন্তরে কোনো বিভেদ সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “যিনি মনোনয়ন পেয়েছেন তার তো স্থানীয় নেতাকর্মীর সঙ্গে কোনো যোগাযোগই নেই। সেক্ষেত্রে তিনিই এটি ভালো বলতে পারবেন।

জয়ের ব্যাপারে আশাবাদী চুন্নু বলেন, “আর যারা প্রার্থী হচ্ছেন তাদের সবার থেকে আমি বেশি ভোট পাবো এটা বিশ্বাস করি। কারণ আমি এখানকার জনগণের সাথে সবসময় ছিলাম।

“দলের নেতাকর্মী ও সাধারণ বাকেরগঞ্জের জনগণের কাছে আমার যে জনপ্রিয়তা রয়েছে তাতে ইনশাআল্লাহ বিপুল ভোটেই জয়লাভ করবো। ”বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল হাফিজ মল্লিক। তিনিসহ বুধবার সকাল পর্যন্ত ১১জন এই আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network