চুয়াডাঙ্গায় এক কোটি ৫৪ লাখ টাকা মূল্যের অবৈধ স্বর্ণের গহনাসহ চোরাকারবারি আটক

আপডেট: December 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ডিবির অভিযানে স্বর্ণালংকারসহ আটককৃত চোরাকারবারি

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এক কেজি ৬৩৫ গ্রাম ওজনের অবৈধ স্বর্ণের গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে। বুধবার (৬ই ডিসেম্বর ২০২৩ খ্রি.) বেলা সাড়ে ১১টার সময় জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সহিদ হোসেন (৪৩) লোকনাথপুর গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার দাউদ মণ্ডলের ছেলে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম বুধবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় গোপনে অবস্থান করেন। অবস্থানকালে লোকনাথপুর-পরানপুরগামী পাকা রাস্তার পাশের একটি আমবাগানের মধ্যের কাচা রাস্তার উপর থেকে সন্দেহভাজন এক মোটরসাইকেল চালককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে জব্দ করা হয় এক কেজি ৬৩৫ গ্রাম ওজনের স্বর্ণের বিভিন্ন গহনা। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। এ সময় আরও জব্দ করা হয় স্বর্ণ পাচার কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের ১৬০ সিসি অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ জমা করা হয়েছে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network