আপডেট: December 26, 2023
বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটককৃত দুই ব্যক্তি
চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি ১৯৭.৯৭ গ্রাম ওজনের ছোট-বড় ২৩টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) দুপুর ১২টার দিকে উপজেলার দর্শনা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের উথলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০) এবং ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আশাদুল হকের ছেলে পিয়াস হোসেন (২১)।
বিজিবি জানায়, স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল সোমবার দুপুরে দর্শনা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের পাশে উথলী এলাকায় গোপনে অবস্থান নেন। এ সময় জীবননগর অভিমুখী সন্দেহভাজন একটি ইজিবাইকের গতিরোধ করে দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ইজিবাইকের সামনের টুলবক্সের মধ্যে প্লাস্টিকের ব্যাগে কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছোট-বড় ২৩টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। এছাড়া জব্দ করা হয় দুটি মোবাইল ও একটি ইজিবাইক। জব্দকৃত এসব আলামতের আনুমানিক বাজার মূল্য চার কোটি ৯২ লক্ষ ৩৯ হাজার ৫২০ টাকা।
এ ঘটনায় শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

