আপডেট: August 27, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঢাকার ৩৮নং ওয়ার্ড যুবলীগের কর্মী ‘কিলার’ খ্যাত তারেক আহাম্মেদ অনিক (৩৪) ওরফে কিলার অনিক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে গ্রেফতার হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে ডিএমপির বাড্ডা থানায় ৪টি মামলা রয়েছে। আটক অনিক বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যায় সরাসরি অংশ নেয়া ঢাকা মহানগর যুবলীগের সহসভাপতি হাজী আবু তাহেরের ছেলে। সোমবার (২৬শে আগস্ট ২০২৪) রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) হতে ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের প্রেক্ষিতে ২৬শে আগস্ট ২০২৪ তারিখ ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল রাত আনুমানিক ১২টার দিকে সীমান্ত নিকটবর্তী মাটিলা গ্রামের জাহাঙ্গীর রহমানের বাঁশবাগানের মধ্যে কিলার অনিককে ধরার জন্য অবস্থান নেয়। গোয়েন্দা সুত্র মোতাবেক রাত্রি ১টার মধ্যে বাঁশবাগানের মধ্যে দিয়ে কিলার অনিক ভারত সীমান্তের দিকে পালিয়ে যাবার কথা থাকলেও তাকে উক্ত সময় পর্যন্ত দেখা যায় নাই। এমতাবস্থায় কিলার অনিক আশেপাশের এলাকা দিয়ে পার হয়ে যেতে পারে এমন আশঙ্কায় বিজিবি আরও তিনটি বিশেষ টহল দল নিযুক্ত করে। এছাড়াও পূর্ব থেকেই সকল বিওপিতে কিলার অনিকের বিষয়ে রেড এলার্ট জারি করা হয়েছিল। রাত আনুমানিক ২টার দিকে বিজিবি সমস্ত গ্রামের বিভিন্ন জংগল, বাগান এবং সম্ভ্যাব্য এলাকা তল্লাশি করতে শুরু করে।
তল্লাশির এক পর্যায়ে মাটিলা গ্রামের হামিদুরের মেহগনি বাগানে একজন লুকিয়ে আছে বলে খবর পাওয়া গেলে বিজিবি টহল দল উক্ত এলাকা ঘিরে ফেলে। বিজিবির টহলদল দেখে কিলার অনিক দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রাত আনুমানিক পৌনে ৩টার সময় তাকে নিজেদের আয়ত্ত্বে নিতে সক্ষম হয় বিজিবি। বিজিবি কর্তৃক কিলার অনিককে বিওপিতে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার যুবলীগের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং ঢাকায় সংঘটিত সাম্প্রতিক ছাত্র হত্যা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্মের সাথে সরাসরি জড়িত থাকার কথা অকপটে স্বীকার করে। গ্রেফতার কিলার অনিককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

