আপডেট: February 11, 2025
অনলাইন ডেস্ক:: মেঘনা নদীতে প্রায় ৮ মণ ওজনের একটি হাউস মাছ জেলেদের জালে ধরা পড়েছে। অনেকে এ মাছটিকে শাপলাপাতা মাছ এবং পানপাতা মাছ নামে চিনে থাকেন। তবে বিদেশিদের কাছে এটি ‘রেফিন ফিস/স্টিং ফিস’ নামে পরিচিত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলেরা মাছটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে উৎসুক জনতা এসে ভিড় করে।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বলেন, প্রায় ৮ মণ ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ধরা পড়ে। মাছটি পিকআপভ্যানে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ঘাট এলাকায় মাছ বাজারে নিয়ে এলে ১ লাখ ২০ হাজার টাকায় কিনে রাখার পর মাছটি কেটে ৭০০ টাকা কেজিতে বিক্রি করেছি।
সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, মেঘনা নদীতে প্রায় ৮ মণ ওজনের একটি হাউস মাছ জেলেদের জালে ধড়া পড়ার কথা শুনেছি। বাজারে মাছটির চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রেফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।

