আপডেট: May 22, 2025
অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।বুধবার (২১ মে) রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন তারা। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের নেতারা।
কর্মীসভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর প্রমুখ।
ছাত্রদলে যোগ দেওয়ার কারণ বর্ণনা করে মাশরাফী মর্তুজা বলেছেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম।”নতুন সদস্যদের যোগদানে কিশোরগঞ্জ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় নেতারা।

