আপডেট: July 27, 2025
স্পিডব্রেকার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়কের পাশে অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার (২৭শে জুলাই) বিকালে কাটাপোল গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম, স্থানীয় ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু, কাঁটাপোল ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, নতুন চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান মন্টুসহ কাটাপোল গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে (হাসাদাহ-সন্তোষপুর সড়ক) অতিদ্রুত স্পিডব্রেকার নির্মাণের জন্য জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার সময় পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাথায় ও বুকে মারাত্মক আঘাত পান কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী তাকিয়া সুলতানা (৬)। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এলাকাবাসী মনে করেন, কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে স্পিডব্রেকার নির্মাণ করা হলে স্কুলের ছাত্র-ছাত্রী ও পথচারীরা অনেকটা নির্বিঘ্নে রাস্তা পার হতে পারবেন। কমে আসবে সড়ক দুর্ঘটনা। বেঁচে যাবে অনেক শিশু শিক্ষার্থীর জীবন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

