আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপির নির্বাচনী কার্যালয়সহ চারটি দোকান সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক দিয়ে ঘোষণা করলে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করতে পারেনি।নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ জানান, নাটঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ধানের শীষের পথসভা করে এসেছি। ফেরার পর রাতে নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন লাগার খবর পাই। আগুনে অফিসের আশেপাশের দোকানগুলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ঘটনার পরদিন সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মান্নান। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

