১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগ

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় বেশ কয়েকটি ভোটকেন্দ্রের গোপন ভোটদান কক্ষে (বুথ) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে পৃথকভাবে এই ঘটনাগুলো ঘটে।সদর উপজেলার পারলা, নূরপুর শ্রীধরপুর ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিসংযোগে কেন্দ্রগুলোর ভেতরের আসবাবপত্র, ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখে তাঁরা ছুটে এসে নেভানোর কাজ শুরু করেন।

মঙ্গলবার সকালে জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। পুলিশ ধারণা করছে, বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে দাহ্য পদার্থ বা আগুন ছুঁড়ে মারা হয়েছে।নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙখলা বাহিনী তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নির্বাচনের মাত্র দুই দিন আগে এমন ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বুথগুলো দ্রুত সংস্কার করে ভোটগ্রহণের জন্য উপযোগী করে তোলা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network