১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

দরজার বাইরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর উপকুলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে গভীর রাতে ঘরের দরজার বাইরে তালা দিয়ে সুজন নামের এক ছাত্রদল নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ওই ঘরটি মূল্যবান মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চানন্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের নলেরচর গ্রামের বাড়িতে তার বাবা মো. বেলাল মিয়া থাকতেন। তবে গতকাল তিনি ওই ঘরে ছিলেন না। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং দরজা খুলতে গিয়ে তালা দেখতে পায়। আগুনে বসতঘরের বিভিন্ন আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজন বলেন, আমার বাবা ঘরে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, প্রকল্প বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি নিয়ে আমি প্রকাশ্যে বলেছি, অভিযোগটি মিথ্যা। এর জেরে সন্ত্রাসীরা আমার ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়।হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। শান্ত হাতিয়াকে আগুন আর হামলা চালিয়ে অশান্ত করে তোলা হচ্ছে। আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network