২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে নোংরা পরিবেশে খাবার তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশালে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওই এলাকার দুইটি মিষ্টির দোকান ও দুইটি রেস্তোরাঁসহ মোট চারটি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার ও মুসলিম সুইটস এন্ড রেস্তোরাঁকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য দুইটি খাবার হোটেলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে তিনি জানান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তারা হুঁশিয়ারি দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network