আপডেট: মার্চ ২১, ২০২৬
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় বরিশালের মেহেন্দীগঞ্জের হতাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় দুর্ঘটনায় নিহত সোহেল ফকিরের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার বিশেষ নির্দেশনায় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাক্ষাত কর্মসূচিতে অংশ নেন।
প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রিয়াজ উদ্দিন, চাঁনপুর ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ নিহত সোহেল ফকিরের কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন। তারা দুর্ঘটনায় নিখোঁজ সোহেলের পিতা মিরাজ ফকিরের দ্রুত সন্ধান এবং আহত অন্তঃসত্ত্বা স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
পরিবারটির এই কঠিন সময়ে জেলা আমীরের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। নেতৃবৃন্দ আশ্বাস দেন যে, ক্ষতিগ্রস্ত পরিবারের যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী সাধ্যমতো পাশে থাকবে।

