১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

দুমকীতে ট্রাকচাপায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট: এপ্রিল ১৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকীতে ট্রাকচাপায় হারুন অর রশিদ খান (৭০) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক রিয়াজ হাওলাদার (২৪)।বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে।আহত ট্রাকচালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন হারুন অর রশিদ। উপজেলা প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে যাওয়ার সময় বাউফলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জি এম এনামুল হক জানান, সকাল ৮টার দিকে দুজনকে হাসপাতালে আনা হলে হারুন অর রশিদকে মৃত অবস্থায় পাওয়া যায়।আহত ট্রাকচালককে বরিশালে পাঠানো হয়েছে।দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দীন বলেন, হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network