১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

আপডেট: এপ্রিল ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আদালতের নির্দেশ না মেনে অসহায় এক ভ্যান চালকের ১৮ দশমিক ৬শতাংশ জমি ক্ষমতাসীন দলের একজন নেতার সহযোগীতায় প্রতিপক্ষরা দখল করে ঘর তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমি দখলে নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেতা সিদ্দিক আকন।

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বরিয়া গ্রামে গত ১১ এপ্রিল ভোর রাত ৫ টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির মালিক অলিউর রহমান ঘটনার দিন বাকেরগঞ্জ থানায় ৯জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন বড়িয়া গ্রামের মৃত বেল্লাত মিলের পুত্র কালাম মীর, সালাম মীর, আনোয়ার মীর, আউয়াল মীর ও মৃত ওয়ারেস আকনের পুত্র ছিদ্দিক আকন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বরিয়া মৌজার এসএ ৫৪২ নম্বর খতিয়ানের ২১৪, ৩৬ নম্বর দাগের ১৮ দশমিক ৬ শতাংশ জমির মালিক বরিয়া গ্রামের মৃত হোসেন আলী মীরের পুত্র অলিউর রহমান। ভূমিদস্যু কালাম মীররা ভুয়া কাগজপত্র দেখিয়ে ওই জমি দখল করতে গেলে অলিউর রহমান বরিশালের বাকেরগঞ্জ সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করলে (দেং মোং নং-৬২/২০০৫) আদালতের বিজ্ঞ বিচারক জমি বন্টন করে দেয়।

অলিউর রহমানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ভোর রাতে কালাম মীর ও ছিদ্দিক আকনরা ২৫-৩০ জনকে নিয়ে টিন, কাঠ খুঁটিসহ অলিউরের জমিতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তিনি বাঁধা দিতে গেলে সিদ্দিক আকন লোহার রড দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। পরে তাঁরা জমির পশ্চিম পাশের জমি দখল করে সেখানে একটি টিনের ঘর তোলে।

বিষয়টি বাকেরগঞ্জ থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ প্রতিপক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলেন।বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার কেএম সোহেল রানা বলেন, জমি দখলের ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ একটি টিম পাঠানো হয়েছিল। ওই জমি যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে। স্থানীয়ভাবে কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে মালিকানার বিষয়টি নির্ধারণ করে উভয়পক্ষকে সমঝোতার জন্য বলা হয়েছে। স্থানীয়ভাবে সমঝোতায় ব্যর্থ হলে আদালতের নির্দেশক্রমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network