আপডেট: মে ২৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ পুকুরে ফেলে দেওয়া হয় বলে ধারণা পুলিশের।রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের কুড়ালিয়া গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আলম জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

