আপডেট: জুন ৪, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি:: বরিশালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারিয়া আক্তার নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (০৪) দুপুর ১২টার দিকে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে।
মারিয়া আফতাব উদ্দিন কলেজের একাদশের শিক্ষার্থী ছিলেন। আহত অটোচালক রাসেল (৩৫), হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটোচালক রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করেন। হাওয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

