আপডেট: June 28, 2026
বরিশাল প্রতিনিধি:: বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি সাপ উদ্ধার করা হয়েছে।সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, চারটি সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রবিবার সকালে সাপগুলোকে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের হাজীবাড়ি এলাকার বাসিন্দা জীবুল হক সেন্টুর বাড়ির বেডরুমের এসি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।উদ্ধার অভিযান পরিচালনা করে বন্য প্রাণী উদ্ধারকারী সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।বাড়ির মালিক জীবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে তিনি বেডরুমের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান।বিষয়টি বুঝতে পেরে তিনি পরিবারের সদস্যদের সতর্ক করেন এবং ওই কক্ষে প্রবেশ বন্ধ রাখেন।পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এরপর শনিবার বিকেলে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, দীর্ঘ চেষ্টার পর চারটি সাপ জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তবে এসির আউটডোর ইউনিটে থাকা আরো একটি সাপ উদ্ধার করা সম্ভব হয়নি।তিনি আরো জানান, এসির ভেতরের উষ্ণ ও নিরাপদ পরিবেশের কারণে সাপগুলো সেখানে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, চলতি মাসে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে চারটি এবং নগরীর সাগরদী এলাকায় একটি সাপ উদ্ধার করা হয়েছিল।

