আপডেট: জুলাই ১২, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয় জীবননগর উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার বাসিন্দাদের। এ অবস্থা থেকে কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছে না ওই পাড়ায় বসবাসকারী প্রায় অর্ধশত পরিবার। বৃষ্টি থেমে গেলেও রাস্তায় পানি জমে থাকে আরও বেশ কয়েকদিন। পানি নেমে যাওয়ার পরেও রাস্তা কর্দমাক্ত হয়ে থাকে মাসের পর মাস।
মালোপাড়ার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, উথলী গ্রামের সব পাড়া-মহল্লার রাস্তা অনেক উন্নত। বেশিরভাগই পাকা সড়ক। তবে মালোপাড়ায় প্রবেশ ও বের হওয়ার সব রাস্তায়ই বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। এছাড়া এ পাড়ার রাস্তা ইটের তৈরি। যা বৃষ্টির পানিতে তলিয়ে গেলে পিচ্ছিলতার কারণে যানবাহন নিয়ে তো দূরের কথা ঠিকমতো পায়ে হেঁটেও যাওয়া যায় না। পানি নেমে যাওয়ার পরেও রাস্তা কর্দমাক্ত হয়ে থাকে মাসের মাস।
এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে রাস্তাটি আরও একটু উঁচু করে পাকাকরণের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মালোপাড়াবাসী।
উথলী মালোপাড়ার বাসিন্দা রানা হোসেন বলেন, বৃষ্টি হলেই মালোপাড়ার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকের ঘরেও পানি ঢুকে যায়। ঘর থেকে বের হওয়ায় তখন দায়। এ পাড়ায় যারা বসবাস করে তাদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। ফলে জনপ্রতিনিধিদেরও এ পাড়ার দিকে তেমন একটা সুদৃষ্টি নেই। তবে আমরা চাই অচিরেই আমাদের এ সমস্যার সমাধান হোক।

