পটুয়াখালীতে কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, গ্রেফতারি পরোয়ানা

আপডেট: July 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে দুইটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে দুই আসামিকে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৬ জুলাই) সকালে পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের আদেশ দেন।

মামলায় আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা বাসস্ট্যান্ড এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে মঞ্জু হাওলাদার (৫০) এবং নুর ইসলাম হাওলাদারের ছেলে জহির হাওলাদার (৪৫) কে আসামি করা হয়েছে। এছাড়া কুকুর দুটির মালিক মো. জাহাঙ্গির প্যাদাকে মামলার ১ নম্বর সাক্ষী করা হয়েছে।২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গির প্যাদার দোকানের সামনে দুইটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। এ সময় মঞ্জু হাওলাদার কাঠের রুয়া এবং জহির হাওলাদার লাঠি দিয়ে কুকুর দুটির মাথা ও মেরুদণ্ডে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে। এরপর ঘটনাস্থল পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মামলার বাদী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আল ইমরান হোসেন বলেন, ‘প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ বাদুরা এলাকার একটি সড়কের পাশে দুইটি কুকুরকে রশি দিয়ে বেঁধে এক ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করছেন। পরে আরও একজন এসে কুকুর দুটিকে মারধর করেন। একপর্যায়ে কুকুর দুটি ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে।

কুকুর দুটির মালিক জাহাঙ্গির প্যাদা জানান, প্রায় চার বছর ধরে তিনি কুকুর দুটিকে লালন-পালন করে আসছিলেন। নিয়মিত তাদের ভ্যাকসিনও দেওয়া হতো। তার অভিযোগ, প্রতিবেশী মঞ্জু হাওলাদার ও তার চাচাতো ভাই জহির হাওলাদার তার সামনেই কুকুর দুটিকে পিটিয়ে হত্যা করেন।তিনি আরও জানান, মঞ্জু হাওলাদারের হাঁস কামড়ানোর অভিযোগের দিন কুকুর দুটি বাড়িতেই ছিল এবং বিষয়টি তাকে জানানো হলেও তিনি তা আমলে নেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network