আপডেট: August 8, 2026
ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন মনপুরা উপজেলার চর কলাতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বেল্লাল, মো. জিহাদ ও মো. হাছান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সংরক্ষিত বনাঞ্চলের একটি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরছিলেন ওই তিন জেলে। এ সময় বনপ্রহরীরা তাদের হাতেনাতে আটক করেন। পরে শনিবার সকালে আটক তিনজনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়। এরপর তাদের চরফ্যাশন আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মনপুরা উপজেলার পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান বলেন, খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বিষ প্রয়োগ করে মাছ ধরলে শুধু মাছ নয়, জলজ প্রাণী ও পরিবেশের অন্যান্য উপাদানও ক্ষতিগ্রস্ত হয়। সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

