আপডেট: August 27, 2026
আপডেট নিউজ ডেস্ক:: পটুয়াখালীর মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা যুবদলের নতুন কমিটিতে ব্যবসায়ীদের পদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। কমিটি বাতিল করে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলায় বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এর আগে বুধবার সন্ধ্যায় দুমকীতেও একই দাবিতে কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। মির্জাগঞ্জে গাজী রাশেদ শামসকে সভাপতি ও গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দুমকীতে জাকির আলমকে সভাপতি এবং জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দুটি কমিটিতে আরও আটজনকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটি দুটির অনুমোদন দিয়েছেন। পাশাপাশি এক মাসের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে নির্যাতনের শিকার হলেও তাঁদের মূল্যায়ন করা হয়নি। তাঁর অভিযোগ, ব্যবসায়ী ও মাদক মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এই উপজেলার কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন ব্যবসায়ীকে রাখা হয়েছে। তাঁর দাবি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন না।
সদ্য সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন হাওলাদারও কমিটি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ব্যবসায়ী জাকির আলমকে সভাপতি করা হয়েছে। ব্যবসার কারণে তিনি বছরের অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করেন বলেও দাবি করেন তিনি।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নতুন কমিটির নেতারা। দুমকী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, তাঁর বাবা ইউনুচ আলী হাওলাদার ১৯৯৬ সাল থেকে ২০০৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত দুমকী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শৈশব থেকেই তিনি বিএনপির সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত এবং তৃণমূলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পদবঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।দুমকী উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম বলেন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবেন না, দলে এমন কোনো নিয়ম নেই। তিনি দাবি করেন, সদ্য সাবেক কমিটিতে তিনি ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং যারা এখন কমিটি নিয়ে বিতর্ক করছেন, তাঁদের সঙ্গে তিনি দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিলেন।

