জীবননগর সীমান্তে বিজিবির সচেতনতামূলক মতবিনিময় সভা

আপডেট: August 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: মাদক, চোরাচালান, অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯শে আগস্ট) বিকালে উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পরিচালক লে. কর্নেল রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি।

এসময় তিনি বলেন, বর্তমানে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করছে। পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তবে সীমান্ত দিয়ে বিএসএফ যাতে পুশইন না করতে পারে সে বিষয়ে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও সতর্ক থাকতে হবে। পুশইন প্রতিরোধের জন্য বিএসএফের গেইট পাহারা দেওয়া, সীমান্তের ওপারের আত্মীয়-স্বজনের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিজিবিকে জানানো এবং পুশইন মোকাবেলায় সকলকে বিজিবির সাথে যোগাযোগ রাখতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সার অবৈধভাবে ভারতে পাচারের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে সার পাচার প্রতিরোধে সমাজের সকল স্তরের জনগণকে সচেতন ও সজাগ থাকতে হবে। এ ব্যাপারে জড়িত ব্যক্তি বা চক্র সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করবেন।

এছাড়াও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করা অর্থাৎ শুন্য লাইন অতিক্রম না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে গমন কিংবা অবস্থান না করা, সকল প্রকার চোরাকারবারীদের (মাদক, স্বর্ণ, গরু, মানুষ ও শিশু পাচারকারী ইত্যাদি) সামাজিকভাবে প্রতিহত করা, চোরাকারবারী কিংবা মানব পাচারকারীদের সম্পর্কে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আরো সচেতন হওয়া, শুন্য লাইন বরাবর গবাদি পশু না চড়ানো, সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে ঘাস কাটতে না যাওয়া, ভারতীয় জমি লিজ না নেওয়া কিংবা চাষ না করা এবং অহেতুক সীমান্ত এলাকায় গমন না করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক সভা অব্যাহত থাকবে বলে তিনি সকলকে অবহিত করেন।

মতবিনিময় সভায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, মাধবখালী কোম্পানি কমান্ডার এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ তিন শতাধিক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network