আপডেট: September 15, 2026
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী উপজেলার চোর চক্রের মূল হোতা সিরাজুলকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি বিশেষ টিম। স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে ফরিদপুর থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত সিরাজুলকে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিরাজুল গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজুল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার প্রেক্ষিতে গৌরনদী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় (জি আর মামলা নং-১৮/২৫)। উক্ত ঘটনার তদন্ত ও সিসিটিভি তথ্য বিশ্লেষণের পর র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।গৌরনদী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আসামি সিরাজুলকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকার চোর চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

