গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: September 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে মাদক কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে তাহমিনা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর স্বামী মূল মাদক কারবারি কবির হোসেন পালিয়ে গেছেন।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের বর্মী মধ্যপাড়ায় কবির হোসেনের ভাড়া বাসায় বিপুল পরিমাণ গাঁজা মজুদের খবর পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ।অভিযানে তল্লাশি চালিয়ে কবির হোসেনের স্ত্রী তাহমিনার কাছ থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় কবির হোসেনকে পাওয়া যায়নি। তবে মাদক কেনাবেচায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁর স্ত্রী তাহমিনাকে আটক করা হয়।

এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তাহমিনাকে শনিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), জেলা গোয়েন্দা শাখার ডিআইও-১ মো. আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত ছিলেন।পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, পলাতক কবির হোসেনের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন থানায় মাদক ও একাধিক অপরাধে মোট ১০টি মামলা রয়েছে। পলাতক কবিরসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network