বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত

আপডেট: October 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: ব্যস্ত আদালত চত্বরে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন নাজমুল হক নামের এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত পাড়ায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে বরিশাল আদালত চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নাজমুল হক (৩০) বরিশাল সরকারি মহিলা কলেজে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল নগরীর কাশীপুর হাই স্কুল-সংলগ্ন এলাকার এনামুল হকের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত চত্বরে অবস্থিত ১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে হঠাৎ নিচে পড়ে যান নাজমুল। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে, গুরুতর আঘাতের কারণে আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, নাজমুল হক কেন আদালত চত্বরে এসেছিলেন এবং কীভাবে ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network