আপডেট: October 6, 2026
বরগুনা প্রতিনিধি:: বরগুনা সদর উপজেলার উত্তর লাকুরতলা সোনাবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রথমে সপ্তম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার পর পর্যায়ক্রমে আরো আট শিক্ষার্থী অসুস্থ হয়।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা তাদের উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত।বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকটি শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে শিক্ষার্থীরা মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমি বমি ভাব অনুভব করতে শুরু করে। প্রথমে সপ্তম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।এর কিছুক্ষণ পর একে একে আরো আট ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখেন।
হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাহারা বলে, খারাপ লাগায় মাথায় পানি দিয়ে ক্লাসে আসি। এরপর বমি বমি ভাব দেখা দিলে অসুস্থ হয়ে পড়ি।ওই শিক্ষার্থীর মা বলেন, সকালে আমার মেয়ে স্কুলে যায়। দুপুরের দিকে ক্লাস চলাকালে সে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকরা আমাদের জানালে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। এখন তার চিকিৎসা চলছে।উত্তর লাকুরতলা সোনাবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, ক্লাস চলাকালে হঠাৎ সপ্তম শ্রেণির একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে।এরপর পরপর আরো আটজন অসুস্থ হয়ে পড়ে। অভিভাবকদের খবর দিয়ে তাদের দ্রুত বরগুনা হাসপাতালে এনে ভর্তি করি।
বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন বলেন, ক্লাস চলাকালে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে প্রধান শিক্ষক আমাকে ফোন করেন। আমি তাদের হাসপাতালে নিয়ে আসতে বলি এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসি। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন, অতিরিক্ত টেনশন বা গরমের কারণে এমন হতে পারে।বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার নিহার রঞ্জন বৈদ্য বলেন, অতিরিক্ত চাপ বা টেনশনের কারণে এ ধরনের সমস্যা হতে পারে, এটিকে হিস্টেরিয়া বলা হয়। বিদ্যালয়ের নয়জন ছাত্রী আমাদের হাসপাতালে এসেছে। আমরা সাধ্যমতো চিকিৎসা দিয়েছি। তারা আশঙ্কামুক্ত এবং আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

