আপডেট: October 7, 2026
অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের নাগরপুরে বসতবাড়ির ভিটায় অবৈধভাবে গাঁজা চাষের অপরাধে মোঃ রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তি পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার বসতবাড়ির আঙিনা থেকে ৫টি সতেজ গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।বুধবার (০৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে নিজ বসতবাড়ির দক্ষিণ ভিটায় বিশেষ কৌশলে গাঁজা গাছ রোপণ করে চাষ করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানিক দলে ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, কনস্টেবল মো. কামরুল হাসান, কনস্টেবল মো. লিটন হোসেন ও কনস্টেবল মনোয়ার হোসেন।
অভিযানকালে রাসেল মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দক্ষিণ ভিটায় রোপণ করা ৫টি সতেজ গাঁজা গাছ শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ বিধিমোতাবেক জব্দ করা হয়। একই সাথে অবৈধ মাদক চাষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদকমুক্ত সমাজ গঠনে নাগরপুর থানা পুলিশের এমন বিশেষ ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

