আপডেট: October 28, 2026
গাজীপুর প্রতিনিধি:: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা।বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের এশিয়া পাম্প সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গীর চেরাগ আলী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি ইয়াছিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা। টঙ্গী মডেল শাখার সেক্রেটারি মুর্তাজা হাসান ফুয়াদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মহানগর সেক্রেটারি হায়দার আলী ও টঙ্গী মডেল শাখার সভাপতি মইনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আবু মুসা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রকাশ্যে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ দিন পার হলেও ওই ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত হয়নি। তিনি অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভাপতির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, ২৮ অক্টোবরের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে ছাত্রসমাজ রাজপথে সোচ্চার থাকবে।কর্মসূচিতে গাজীপুর মহানগর ও স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

