আপডেট: November 21, 2026
নিজস্ব প্রতিবেদক:: গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার শিরোমণি এলাকার কাউসারের ছেলে তৌহিদুল ইসলাম (৩০) এবং পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে সেগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

