আপডেট: November 18, 2026
বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি বিএম কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন।বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজনের তৎপরতায় দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে একদল লোক নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের নৈশপ্রহরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭-৮ জনের একটি দল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারাও পালিয়ে যায়।গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম বলেন, আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন জানান, গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তারা অবগত নন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।

