আপডেট: November 14, 2026
ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বরকত উল্লাহ লিমন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় তিনি কথিত ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বড়হিত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ আগস্ট) বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার বরকত উল্লাহ লিমন উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাচাশি গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে বড়হিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লিমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয় এবং ওই ফোনে অনলাইন জুয়া খেলার একাধিক আইডির সন্ধান মেলে। গত ১৪ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা জুয়া প্রতিরোধ আইনের একটি মামলায় (এফআইআর নম্বর ১৩, জিআর নম্বর ১৮৩) তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

