আপডেট: December 7, 2023
অনলাইন ডেস্ক:: সরকার পতন, তফসিল বাতিল ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধে এবার সিরাজগঞ্জের ব্রয়লার মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় চালককেও মারপিট করে তারা।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ (বৃহস্পতিবার) ট্রাকের চালক মোকলেসুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- শাহজাদপুর থানার নরিনা গ্রামের হবিবর প্রামানিকের ছেলে নবীর হোসেন (৫০) ও বড় বাশুরিয়া গ্রামের মৃত শুকুর আলী মোল্লার ছেলে মজনু মিয়া (৩৮)। এরা দুজনেই বিএনপির সমর্থক।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ডভ্যান ও ভ্যানে থাকা হাজার হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা যায়।
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানটি ৭ হাজার মুরগির বাচ্চা নিয়ে ঢাকা থেকে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি দাঁড় করিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সব পুড়ে গেছে। এ সময় তারা কাভার্ডভ্যানের চালককেও মারপিট করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি সমর্থক দুইজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, এ নিয়ে জেলায় মোট ছয়টি গাড়ীতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপি-জামায়াতের বেশ কিছু নেতা কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

