আপডেট: November 3, 2026
বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীতে শ্বশুর, শাশুড়ি ও জামাতা মিলে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা জামাতা পালিয়ে গেছেন।
সোমবার দিবাগত রাতে উপজেলার পূর্ব চুনাখালী গ্রামে সেলিম প্যাদার বাড়িতে এ অভিযান চালানো হয়। ডিবির দলটি সেলিম প্যাদার স্ত্রী কহিনুর বেগমের শরীর তল্লাশি করে ২০০ পিস এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরে লুকিয়ে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ৪ হাজার ৭০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা। এ সময় মাদক মোড়কজাতকরণের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সেলিম প্যাদা (৫৫) ও তাঁর স্ত্রী কহিনুর বেগম। অভিযানের সময় তাঁদের জামাতা সবুজ মৃধা পালিয়ে যান।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পলাতক সবুজ মৃধা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে মজুত রাখতেন এবং সেখান থেকে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

