উল্লাপাড়ায় জালনোট ও টাকা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

আপডেট: May 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার লাখ ৫৬ হাজার টাকার জালনোট, টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদিসহ ফরিদুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সামিউল আলম। আটক ফরিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামের মো. কালা চাঁনের ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম জানান, বুধবার উল্লাপাড়ার মাটিকোড়া এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে চার লাখ ৫৬ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। এর মধ্যে ৮০টি এক হাজার টাকার নোট, ৬৭৫টি পাঁচশো টাকার নোট, ৮৫টি দুশো টাকার নোট, ১২৫টি একশো টাকার নোট ও ১৮০টি পঞ্চাশ টাকার নোট রয়েছে। এ ছাড়াও এক লিটার তারপিন, নকল টাকা তৈরির জেল, ৭০০ গ্রাম ফেভিকল আঠা, একটি টাকা তৈরির কাঠের ফ্রেম, টাকা তৈরির সবুজ রং, নকল টাকা তৈরির দুটি কাঠের পাটা, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছাপা ছবিসহ ১৭০ পিস সাদা কাগজ, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি টিভি, একটি লেমিনেটিং মেশিন, বিভিন্ন বর্ণের ১৫-২০টি রঙিন জোরিসহ জাল নোট তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফরিদুল জানিয়েছেন, গত দেড় বছর যাবত তিনি নিজ বাড়িতে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলেন।আগামী ঈদুল আজহা উপলক্ষে তিনি দুই কোটি টাকার জাল নোট তৈরির প্রস্তুতি নিয়েছিলেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network