কখনো চিকিৎসক, কখনো সেনা-র‍্যাব-বিজিবি কর্মকর্তা তিনি

আপডেট: April 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দিনাজপুর সদর উপজেলা থেকে রুস্তম আলী মাসুদ নামে এক ভুয়া চিকিৎসকসহ তার সহযোগিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চিকিৎসক না হয়েও ভুয়া ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন তিনি।

শুধু তাই নয়, নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক দাবির পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি কর্মকর্তার পোষাক পরিহিত ছবি দিয়েও সাধারণ মানুষকে প্রভাবিত করতেন তিনি।শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

আটক দুই প্রতারক হলেন- দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার রুস্তম আলী মাসুদ (৬২) এবং তার সহযোগী একই উপজেলার মহব্বতপুর এলাকার মো. আব্দুল্লাহ (৫৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের হাজীর দিঘীর মোড় বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানকার বাপ্পী ফার্মেসি থেকে ওই দুজন প্রতারক আটক হন। তাদের মধ্যে রুস্তম আলী মাসুদ ভুয়া সাইন বোর্ড ও ডিগ্রি ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে এলাকাবাসীকে প্রতারিত করে আসছেন।

শুধু তাই নয়, রুস্তম আলী মাসুদ সাধারণ মানুষকে প্রভাবান্বিত করতে কম্পিউটারাইজড এডিট করা বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি কর্মকর্তার পোষাক পরিহিত ছবিও প্রদর্শন করতেন। অভিযানের সময় এসব ছবি এবং র‍্যাবের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে দিনাজপুরে কোতয়ালী থানায় একটি মামলা করেন র‍্যাব-১৩। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন র‍্যাবের ওই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network