আপডেট: জুলাই ১৬, ২০২৬
নরসিংদী প্রতিনিধি:: নরসিংদীর রায়পুরায় খালে গোসলে নেমে একসঙ্গে চার মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, উপজেলার বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮)। অপর শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার ছাত্রী।
স্থানীয়রা জানায়, মাদরাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী বাড়িতে ফিরে পাশের একটি খালে গোসল করতে নামে।সাঁতার না জানায় তাবিয়া, আয়েশা, জান্নাতসহ চারজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় একটি খালে ছয় শিক্ষার্থী গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়।বাকি দুজন কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে বেঁচে যায়।রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে তারা মারা যায়।

