গৌরনদীতে ঢালাইয়ের পরপরই ধ্বসে পড়লো ব্রিজের পাটাতন

আপডেট: July 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন একটি সেতুর ঢালাই চলাকালে সাটারিং ধসে পড়ে খালে তলিয়ে গেছে পাটাতনের একটি অংশ। বুধবার দুপুরে উপজেলার আহম্মদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে কাজ বন্ধ করে নতুন করে সেতুর ঢালাই করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে আহম্মদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনে সেতুটি নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির দরপত্র পায় ডায়নামিক আইটি সপ নামে একটি প্রতিষ্ঠান। পরে আবুল ফয়েজ শরীফ নামে এক ঠিকাদার মূল ঠিকাদারের কাছ থেকে কাজটি নিয়ে বাস্তবায়ন করছেন।

স্থানীয়দের অভিযোগ, সেতুর সাটারিং তৈরিতে পুরোনো ও অনুপযুক্ত বাঁশ ব্যবহার করা হয়েছিল। বুধবার দুপুরে সেতুর পাটাতনে ঢালাই দেওয়ার সময় অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সাটারিং ভেঙে যায়। এতে ঢালাইসহ পাটাতনের অংশ খালে ধসে পড়ে।

ঠিকাদার আবুল ফয়েজ শরীফ বলেন, খালটি গভীর হওয়ায় সাটারিং নড়ে গিয়ে একপর্যায়ে ভেঙে পড়ে। ঘটনার পরপরই কাজ বন্ধ করা হয়েছে। নতুন করে ঢালাই করা হবে এবং এতে যে ক্ষতি হয়েছে, তা তার প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। দরপত্র অনুযায়ী মান বজায় রেখেই কাজ শেষ করা হবে বলেও দাবি করেন তিনি।

গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস বলেন, কর্তৃপক্ষকে না জানিয়েই ঢালাইয়ের কাজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঠিকাদারকে নতুন করে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, তদন্তে সেতু নির্মাণে নিম্নমানের কাজ বা গুণগত ক্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network