আপডেট: August 21, 2022
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন(ভোলা):
ভোলার চরফ্যাসনে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির সময় গভীর সাগরে পড়ে দুই জেলে নিহত হয়েছেন। নিহত মিজান মাঝি(৩৫) ও তার ভাতিজা মোঃ রাব্বি(১৯) উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা । স্থানীয় মৎস আড়তদার ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, ঢালচর সংলগ্ন বয়ারচর এলাকায় সন্ধ্যার দিকে জলদস্যুরা মিজান মাঝির ট্রলারে হামলা করে এসময় জেলে রাব্বি জীবন বাচাতে সমুদ্রে ঝাপ দেয় এবং স্রোতের টানে জালের মধ্যে ঢুকে যায়, ভাতিজাকে বাচাতে ট্রলারে থাকা চাচা মিজান মাঝিও ঝাপ দিলে জালের মধ্যে ঢুকে তলিয়ে যায়, জলদস্যুরা লুটপাট করে চলে গেলে, পরে অন্য মাছ ধরার ট্রলার এসে তাদেরকে মৃত অবস্থায় জালের মধ্য থেকে উদ্ধার করে । নিহতদের স্বজনরা জানান , শনিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে নিহত জেলেদের লাশ তাদের বাড়িতে আনা হয়। শশীভূষণ থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান পাটোয়ারী জানান, দুজন জেলের লাশ সুরতহাল করেছি, কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

