আপডেট: April 29, 2021
অনলাইন ডেস্ক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে পুড়ে গেছে এন মল্লিক পরিবহনের ৯টি বাস। একইসঙ্গে পুড়ে গেছে ১২টির বেশি দোকান। সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় অনেকটা অসহায় সময় পার করছেন পরিবহন মালিক-শ্রমিকরা। এর মধ্যেই বুধবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে লাগে ভয়াবহ আগুন।
এ সময় আগুনে পুড়ে যায় এন মল্লিক পরিবহনের ৯টি বাস ও বেশ কিছু দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ডে জনসমাগম কম থাকায় কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাস মালিকের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র কয়েক মাস ধরেই চাঁদা চেয়ে আসছিলো এন মল্লিক পরিবহন কর্তৃপক্ষের কাছে। চাঁদা না পেয়ে আগুন লাগানোর অভিযোগ তার।বাসস্ট্যান্ডের একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

