আপডেট: August 18, 2026
আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (আহত/নিহত) পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৮ই আগস্ট) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের সদস্যদের হাতে ৮২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এসময় তারা সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দায়িত্বশীলভাবে গাড়ি চালানো, সড়ক পরিবহন আইন মেনে চলা এবং যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, অনেক সময় একটি পরিবারের আর্থিক ও সামাজিক ভিত্তিও নড়বড়ে করে দেয়। দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা ব্যয় এবং উপার্জনক্ষম কাউকে হারানোর পর পরিবারের সদস্যদের জীবনযাত্রায় অনিশ্চয়তা নেমে আসে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

