আপডেট: May 23, 2022

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৩শে মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা গ্রামে ফলের বাগানে লাগানো ১১টি সতেজ গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. হোসেন গাজী (৬০) জীবননগর পৌরশহরের আশতলা পাড়ার (৮ নং ওয়ার্ড) মৃত আনসার আলীর ছেলে। সোমবার বিকালে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামের জোলপাড়ায় হোসেন গাজীর নিজ জমিতে চাষকৃত ফলের বাগানের ভিতর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করলে হোসেন গাজীকে আটক করা হয় এবং তার ফলের বাগানের ভেতর লাগানো ১১টি সতেজ গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত হোসেন গাজীকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

