আপডেট: September 21, 2026
আমিনুর রহমান নয়ন: জীবননগর বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১শে সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামনুন হাসান।
তিনি জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, গ্যাস ও খাদ্যপণ্য বিক্রয়ের দোকানে তদারকি করা হয়।
এ তদারকির সময় অবৈধভাবে গ্যাস বিক্রয় করার কারণে আব্দুল মালেকের মেসার্স মালেক গ্যাস হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা, লাইসেন্সবিহীন ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা প্রদান ও ব্যাবসা পরিচালনা করায় তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রয় করায় নেচার উদ্দিনের দি কেক হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

