শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো নকশিকাঁথা কমিউটার

আপডেট: December 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত শুরু করেছে আন্তঃনগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন। গত ১লা নভেম্বর প্রথম যাত্রীবাহী ট্রেন হিসেবে খুলনা থেকে যাত্রা আরম্ভ করে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছায় সুন্দরবন এক্সপ্রেস। এছাড়া ২রা নভেম্বর পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছায় বেনাপোল এক্সপ্রেস। দুটি ট্রেনই আগে যমুনা সেতু হয়ে ঢাকায় যেতো। এবার প্রথম কমিউটার ট্রেন হিসেবে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় যাবে নকশিকাঁথা কমিউটার। ট্রেনটি আগে খুলনা-গোয়ালন্দ ঘাট-খুলনা রুটে চলাচল করলেও এবার রুট পরিবর্তন করে সরাসরি যাবে ঢাকায়। চলবে খুলনা-ঢাকা-খুলনা রুটে। 

নকশিকাঁথা কমিউটার প্রথমবারের মতো বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের সময় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। পদ্মা সেতু পাড়ি দিয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে আজ শুক্রবার (১লা ডিসেম্বর ২০২৩ খ্রি.) সকাল ১০টার পর। একই দিন (শুক্রবার) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি খুলনায় পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে। তবে অন্যান্য দিন ট্রেনটি খুলনা থেকে রাত সাড়ে ১১টার সময় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সপ্তাহে ৭দিনই করবে চলাচল। আগের মতোই ট্রেনটিতে রয়েছে ৫টি কোচ। প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে আপ-ডাউনে ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, সাফদারপুর, আনসারবাড়ীয়া, উথলী, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, আলমডাঙ্গা, হালসা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুষ্টিয়া, কুমারখালী, খোকসা, মাছপাড়া, পাংশা, কালুখালী জংশন, বেলগাছি, রাজবাড়ী, পাচুরিয়া জংশন, খানখানাপুর, আমিরাবাদ, ফরিদপুর, বাখুন্ডা, তালমা, পুখুরিয়া, ভাঙ্গা, ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা, মাওয়া, শ্রীনগর, নিমতলা এবং গেন্ডারিয়া স্টেশনে যাত্রাবিরতি করবে।

ট্রেনটি ঢাকায় যাওয়ার জন্য মেইল থেকে কমিউটার ট্রেনে পরিবর্তিত হওয়ায় বেশ কিছু স্টেশনের স্টপেজ তুলে নেওয়া হয়েছে। যার মধ্যে যশোর ক্যান্টনমেন্ট, জয়রামপুর, মোমিনপুর ও জগতি রয়েছে। এছাড়া রয়েছে চড়াইকোল ও সূর্যনগর স্টেশন। এদিকে নকশিকাঁথা ট্রেন পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় যাবে এমন খবর শুনে প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেননি। তবে বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে তাঁরা এখন ভাসছেন আনন্দের বন্যায়। কারণ এত কম খরচে বর্তমান যুগে ট্রেনে চড়ে সরাসরি ঢাকায় যেতে পারবেন এটা ছিলো তাদের কল্পনার বাইরে। নকশিকাঁথা কমিউটার ট্রেনে চড়ে খুলনা থেকে ঢাকায় যেতে ভাড়া গুণতে হবে মাত্র ২১০ টাকা। যা, আন্তঃনগর ট্রেনের ভাড়ার চেয়ে অর্ধেকেরও কম।

তবে ট্রেনের সময়সূচি পরিবর্তন হওয়ায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্টেশন থেকে যেসব শিক্ষার্থীরা নকশিকাঁথা ট্রেনে চড়ে কম খরচে কলেজে যেতেন তাঁরা পড়েছেন চরম দুঃশ্চিন্তায়। কারণ জেলার আনসারবাড়ীয়া, উথলী, দর্শনা ও জয়রামপুর রেলস্টেশন থেকে অনেক শিক্ষার্থী সকালে নকশিকাঁথা ট্রেনে চড়ে চুয়াডাঙ্গা স্টেশনে নেমে তারপর কলেজে যেতেন। এছাড়া চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা স্টেশন থেকেও অনেক শিক্ষার্থী ট্রেনে চড়ে যেতেন কুষ্টিয়ার বিভিন্ন কলেজে। এখন ট্রেনটি পূর্বের সময়ের তুলনায় ঘণ্টা তিনেক আগে এসব স্টেশন থেকে ছেড়ে যাবে, যে সময় থাকবে রাতের অন্ধকার। ফলে তাদের আর এই ট্রেনে চড়ে কলেজে যাওয়া হবে না। বেছে নিতে হবে যাতায়াতের অন্য কোনো মাধ্যম।

উল্লেখ্য, ঢাকাগামী ট্রেন হিসেবে নকশিকাঁথা কমিউটারে কোচের সংখ্যা একেবারেই কম। যদি কোচের সংখ্যা বাড়ানো হয় এবং সঠিক সময়ে ধরে রেখে যদি ট্রেনটি চলাচল করতে পারে তাহলে এটি অত্যন্ত ব্যাবসা সফল ট্রেনে পরিণত হবে। যাত্রী সাধারণ মনে করেন রেল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।  

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network