আপডেট: October 4, 2026
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে জুয়া খেলার সময় নগদ টাকা এবং মাদকদ্রব্য ও জুয়ার সরঞ্জামসহ রিপন হাওলাদার ওরফে ‘হঠাৎ রিপন’ (৪৫) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ব্র্যাক হাউজ আবাসনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিপন হাওলাদার উপজেলার মালুহার গ্রামের মৃত আ. লতিফ হাওলাদারের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোল্লারহাট ইউনিয়ন কমিটির নেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানা পুলিশের একটি দল গোপালপুর এলাকার তুলু মালির বসতঘরে অভিযান চালায়। এ সময় জুয়া ও নেশার সরঞ্জাম এবং নগদ টাকাসহ রিপন হাওলাদারকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামদেবপুর গ্রামের মৃত মান্নাতের ছেলে মো. নাছির উদ্দিনসহ (৫০) জুয়া খেলায় জড়িত আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ডোপ টেস্টে রিপনের মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামি রিপন হালদারকে রোববার আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

