নিজের পুত্রকে গলা টিপে হত্যা করলো পিতা

আপডেট: February 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাসের শিশুপুত্র আব্দুল্লাহকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক পিতা ক্বারী আবু নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ঘাতক পিতা ক্বারী আবু নাইম উপজেলা সদর উত্তর পাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আব্দুল্লাহ জন্মগ্রহণের শুরু থেকে আবু নাইম তাকে তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলেন। পূর্বেও শিশুটিকে একবার গলা টিপে হত্যার চেষ্টা করেন তিনি। এ নিয়ে সৃষ্ট পারিবারিক কলহ মেটাতে সামাজিকভাবে কয়েকবার চেষ্টা করা হয়েছিলো।

নিহত আব্দুল্লাহর মা শাহিদা আক্তার অভিযোগ করে বলেন, “আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই।”

তিনি আরো বলেন, “গতকাল থেকে আমার ছেলে আব্দুল্লার জ্বর অনুভব হচ্ছিলো। সকালে আমি আমার স্বামীকে বলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু সে বলে তুমি বাড়িতে থাকো, আমি নিয়ে যাচ্ছি।” পরে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যান তিনি এবং মোবাইল ফোন বন্ধ করে ফেলেন। এরপর আর তিনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। দুপুর সাড়ে ১২টার দিকে পিতা মৃত অবস্থায় আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসে এবং ফেলে চলে যায়। এ সময় শাহিদা চিৎকার করলে স্থানীয়রা আবু নাইমকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, “সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমকে আটক করা হয়েছে। শিশুটির সুরতহাল তৈরি করে মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরণ করা হয়েছে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network