আপডেট: July 19, 2023
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে এমভি ঈগল-৪ নামের যাত্রীবাহী দোতালা লঞ্চ থেকে সাড়ে নয় কেজি গাঁজাসহ তিনজনেক আটক করা হয়েছে।বুধবার ভোরে বাউফল সার্কেলের সিনিয়র এএসপি শাহেদ আহমেদ চৌধুরী এবং বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এমভি ঈগল-৪ ঢাকা-ধুলিয়া ও কালাইয়াগামী লঞ্চ।আটককৃতরা হলেন- পটুয়াখালী সদর থানার জৈনকাঠি ইউনিয়নের কৌরাখালী গ্রামের রশিদ গাজির মেয়ে তানিয়া (২৪), বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান (২৮) এবং বাউফলের কালাইয়া বন্দরের মুনির (৩৮)।
জানা গেছে, আটককৃত তানিয়া ও হাসান প্রেমিক-প্রেমিকা। তারা ফেনী থেকে গাঁজা বহন করে ঢাকা সদর ঘাট নিয়ে আসেন। সেখান থেকে লঞ্চের স্টাফদের মাধ্যমে গাঁজাগুলো বাউফলের কালাইয়া বন্দরে মাদক ব্যবসায়ী মুনিরের কাছে পৌঁছে দেন। এছাড়া তারা বিভিন্ন উপায়ে লঞ্চে যাতায়াতের সময় বিপুল পরিমাণ মাদক পটুয়াখালীতে সরবরাহ করেছেন। লঞ্চের বিভিন্ন যাত্রীদের কাছেও তারা গাঁজা বিক্রি করতেন বলে জানা গেছে।বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

