আপডেট: April 9, 2023
বরিশাল প্রতিনিধি: বরিশালের অগৈলঝাড়ায় মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে আহত পুলিশ সদস্য আটজনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে বরিশাল আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া অন্য দুজন হলেন- জিয়া উদ্দিন ফরিয়া ও জহিরুল ইসলাম পাইক।
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ইফতারের আগমুহূর্তে পুলিশ সদস্য ভূদেব বিশ্বাস মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন। বিপরীত দিক থেকে মোটরসাইকেলের একটি বহর নিয়ে যাচ্ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক। এ সময় জাকিরের মোটরসাইকেলের সঙ্গে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাকির পাইকসহ ৮-১০ জন মিলে পুলিশ সদস্য ভূদেব বিশ্বাসকে পিটিয়ে আহত করেন।খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা জাকির পাইকসহ ওই তিনজনকে রাতেই আটক করা হয়।
অগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, পুলিশ সদস্যকে পেটানোর মামলার তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের পুলিশ অভিযান চালাচ্ছে।

