ফরিদপুরে ৩৫ কেজি পচা মাংস জব্দ, জরিমানা

আপডেট: October 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের বোয়ালমারীতে গরুর পচা মাংস বিক্রির দায়ে মাংস জব্দ ও বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে পৌর সদরের স্টেশন সড়কের বিলাসী শপিং কমপ্লেক্স-সংলগ্ন বাজারে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, পৌরসদরের ওই বাজারের মাংস বিক্রেতা সালাউদ্দিন শেখের (৪৮) দোকান থেকে প্রায় ৩৫ কেজি গরুর পচা মাংস জব্দ করা হয়। সালাউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের মৃত জয়েনউদ্দিন শেখের ছেলে। তবে সালাউদ্দিন শেখ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান ছেড়ে পালিয়ে যান।

আদালতের নির্দেশে ওই দোকানের জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। সন্ধ্যার আগে ওই মাংস ব্যবসায়ী সালাউদ্দিন উপজেলা ভূমি কার্যালয়ে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, পচা মাংস বিক্রির খবর পেয়ে আমার কার্যালয়ের প্রতিনিধি সেখানে গেলে মাংস ব্যবসায়ী পালিয়ে যান। এরপর সেখানে অভিযান চালিয়ে পচা মাংস জব্দ ও বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network