বজ্রাঘাতে বরগুনায় কৃষকের মৃত্যু, শ্রেণিকক্ষে আহত ৮ শিশু

আপডেট: April 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আট শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর জেলার আমতলী ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বজ্রমেঘের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।এতে বজ্রপাতের ঝুঁকিও রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমতলী উপজেলার পূজাখোলা এলাকায় বজ্রাঘাতে নূর জামাল নামের এক কৃষকের মৃত্যু হয়। বৃষ্টির সময় তিনি মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অন্যদিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এসময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। তাৎক্ষণিক আট শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।আহত শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির কারিমা, জান্নাতি, রিয়া মনি, মরিয়ম, সামিরা এবং সপ্তম শ্রেণির ইয়াসমিন ও আমেনা।ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. বশির হোসেন বলেন, হঠাৎ করে ভবনের ওপর বজ্রাঘাত হলে শিক্ষার্থীরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানূর আলম বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখন শঙ্কামুক্ত।এ বিষয়ে বরগুনা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, কৃষকের পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।পাশাপাশি আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা হিসেবে সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network